
নিজস্ব প্রতিনিধি॥ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) ও তার নাতনি আদিবা (৫)। মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করায় আদিবার তার নানার বাড়িতে থাকত।
নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল হক ভিমরুলের কামড়ে নানি- নাতনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মোতালেবের বাড়ির পাশে পুকুরে ভিমরুল বাসা বেঁধেছে। তবে, বিষয়টি তাদের কারো জানা ছিল না। সকালে আদিবা পুকুর পাড়ে গেলে ভিমরুল তাকে কামড় দেয়। বিষয়টি বৃদ্ধা সুমরি বেগম দেখতে পেয়ে আদিবাতে বাঁচাতে যায়। এ সময় সুমরি বেগমকেও ভিমরুল কামড়ে আহত করে। ভিমরুলের কামড়ে আদিবা ঘটনাস্থলেই মারা যায়।
পরে সুমরি বেগমকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখাসে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে বৃদ্ধা সুমরি বেগমও মারা যায়।
তিনি আরো বলেন, মরদেহ দুটি তাদের নিজ বাড়িতেই আছে। তাদের দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন- ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার







One Comment