
নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক বলেন, “একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও পরিবেশ সচেতনতা তৈরিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নিজ নিজ অবস্থান থেকে সবাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হলে একটি সুন্দর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।”
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা এবং নিজ নিজ কর্ম ও শিক্ষার পরিবেশের প্রতি দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন






