তৃণমূলের আস্থায় এগিয়ে যেতে চান আবু সুফিয়ান পারভেজ

তৃণমূলের আস্থায় এগিয়ে যেতে চান আবু সুফিয়ান পারভেজ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি॥ রাজনীতির মাঠে দীর্ঘদিনের পথচলা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা আর তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ-এই তিনকে শক্তি করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু সুফিয়ান পারভেজ। সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন তিনি।

সকাল থেকে সন্ধ্যা-কখনো গ্রামের মেঠোপথে, কখনো পাড়া-মহল্লায়, আবার কখনো স্থানীয় বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ভোটারদের সঙ্গে দেখা করছেন আবু সুফিয়ান পারভেজ। কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখ ও নানা সমস্যা নিয়ে কথা বলছেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে তাকে সমর্থন করার জন্য ভোটারদের কাছে দোয়া ও ভোট চাইছেন তিনি।

গণসংযোগে সাধারণ ভোটারদের কাছ থেকে পাওয়া সাড়া তাকে আশাবাদী করে তুলেছে বলে জানিয়েছেন আবু সুফিয়ান পারভেজ। তার দাবি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে কথা বলছেন এবং অনেকেই পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।

রাজনৈতিক অঙ্গনে আবু সুফিয়ান পারভেজের রয়েছে দীর্ঘদিনের পরিচিতি। তিনি শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পৌর ছাত্রদলের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জেলা ছাত্রদল ও যুবদলের সদস্য হিসেবেও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক জীবনের শুরু থেকেই আবু সুফিয়ান পারভেজ মাঠের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে থাকার কারণে তৃণমূলে তার একটি আলাদা পরিচিতি তৈরি হয়েছে।

বিশেষ করে দলের কঠিন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে দলের একজন ত্যাগী ও লড়াকু কর্মী হিসেবে দেখেন তার অনুসারীরা। সেই রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগকে কাজে লাগিয়ে এবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

আবু সুফিয়ান পারভেজ বলেন, “দলের সুদিন-দুর্দিন সব সময় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এবার মানুষের আরও কাছাকাছি গিয়ে তাদের কথা শুনতে চাই। তাই উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করছি এবং তাদের দোয়া ও সমর্থন চাইছি।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়। গণসংযোগে মানুষের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তাতে আমি আশাবাদী। তবে শেষ কথা বলবেন ভোটাররা। তাদের সিদ্ধান্তই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ধীরে ধীরে তৎপরতা বাড়ছে। বিভিন্ন এলাকায় চলছে গণসংযোগ ও মতবিনিময়। এরই মধ্যে আবু সুফিয়ান পারভেজের নিয়মিত মাঠে উপস্থিতি এবং তৃণমূল ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

তবে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত কার অবস্থান কতটা শক্ত হবে, তা নির্ভর করবে ভোটারদের সমর্থন ও প্রার্থীদের সাংগঠনিক সক্ষমতার ওপর। আবু সুফিয়ান পারভেজ অবশ্য শুরু থেকেই তৃণমূলের ওপর আস্থা রেখে এগিয়ে যেতে চান।

তার রাজনৈতিক সহযোদ্ধাদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকান্ড এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তাকে নির্বাচনী মাঠে এগিয়ে রাখবে। আর আবু সুফিয়ান পারভেজের প্রত্যাশা-তৃণমূলের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে সঙ্গে নিয়েই তিনি শায়েস্তাগঞ্জের মানুষের সেবায় নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে পারবেন।

আরও পড়ুন- কলা চাষ করে এলাকায় নতুন সম্ভাবনার দৃষ্টান্ত স্থাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...