
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পণ্য জব্দ হয়েছে। এর মধ্যে রয়েছে এনিমেল মেডিসিন, খাবার, শ্যাম্পু, মেহেদী, চা পাতা ও জিরাসহ পরিবহনে ব্যবহৃত যানবাহন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানায়, বুধবার সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ সিন্দুরখান বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সীমান্ত পিলার ১৯৪৬-এম হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গান্ধীছড়া চা বাগান নামক এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার, শ্যাম্পুসহ ১টি পিকআপ জব্দ হয়।
এছাড়াও অপর অভিযানে একটি নির্দিষ্ট কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্য হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাছে আগে থেকেই ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুরের সুরমা ২০নং চা বাগান নামক এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়।

এ সময় চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশে ফেলে রেখে আত্মগোপন করে। বিজিবির আভিযানিক দল কাভার্ড ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তল্লাশি করে গাড়ীর মধ্যে থাকা মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে পরিবহনকালে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, কাবেরী মেহেদী এবং জিরাসহ পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
আরও পড়ুন- মোবাইল ফোন দিয়ে ঘরে বসে শেখা যায় এমন ৭টি ডিজিটাল স্কিল







One Comment