অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান

মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে চুক্তির একাধিক শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের আলাপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি)- মোঃ আরিফুর রহমান শান্তর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মো. সামিউল আজম, সহকারী রেভিনিউ অফিসার শাহাদত হোসেন এবং শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানকালে দেখা যায়, ভূমি মন্ত্রণালয়ের পক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসক এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসসিইসি৭ স্পেকট্রা জেভি-এর পক্ষে মেসার্স শামীম বিল্ডার্সের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত এলাকার বাইরে আলাপুর মৌজার বিভিন্ন দাগ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয়েছে। এছাড়া স্থানীয় আব্দুল কাইয়ুমের মালিকানাধীন জমি কোনো অনুমতি ছাড়াই কেটে বালু উত্তোলনেরও প্রমাণ পাওয়া যায়, যা চুক্তির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

তদন্তে আরও জানা যায়, চুক্তি অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে বালু উত্তোলনের অনুমতি থাকলেও স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য অনুযায়ী রাতের বেলাতেও ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করা হয়েছে। এতে চুক্তির ১৬ নম্বর শর্ত লঙ্ঘিত হয়েছে।

এছাড়া বালু উত্তোলনের সময় নদীর তীর, সংলগ্ন ফসলি জমি ও পরিবেশের ক্ষতি না করার শর্তও মানা হয়নি। ড্রেজিংয়ের কারণে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হয়েছে, নদীর ঢাল (স্লোপ) সংরক্ষণ করা হয়নি এবং পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়নি। এমনকি বাঁধ ছিদ্র করে ড্রেজারের পাইপ প্রবেশ করানোয় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা জানান, গত ৯ জুলাই খোয়াই নদীর বাঁধ ভেঙে প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয় এবং কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। ভাঙনের স্থানটি অভিযানে শনাক্ত হওয়া ড্রেজারগুলোর অবস্থান থেকে মাত্র ২৫০ থেকে ৩০০ মিটার দূরে।

অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রশাসনের পর্যবেক্ষণে অভিযুক্তদের অপরাধের ব্যাপকতা ও সুদূরপ্রসারী প্রভাব বিবেচনায় বিষয়টি মোবাইল কোর্টের আওতায় বিচারযোগ্য নয় বলে প্রতীয়মান হয়। তাই মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৬(৪) ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী এবং তার প্রতিনিধিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা এবং সম্পাদিত চুক্তির ২৩ নম্বর শর্ত অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে।

এদিকে অভিযানকালে জব্দ করা ড্রেজিং কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ তালিকা অনুযায়ী পাউবো হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মো. সামিউল আজমের জিম্মায় দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত যন্ত্রাংশ দ্রুত বিচ্ছিন্ন করে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও প্রদান করা হয়েছে।

স্থানীয়দের দাবি, খোয়াই নদীতে অবৈধ ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে নদীভাঙন, ফসলি জমির ক্ষতি এবং বন্যার ঝুঁকি বেড়ে যাচ্ছে। তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম কঠোরভাবে বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

আরও পড়ুন- দ্রুত নদীর বাঁধের দুর্বল অংশ সংস্কার করা হবে-হুইপ জি কে গউছ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...