
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘটিত সিয়াম আহমেদ হত্যা মামলার এক আসামিকে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু মিয়া (২৬) নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত জমির মিয়ার ছেলে।
সোমবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর জেলা সদরের পালবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলার আসামি বাবু মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সিয়াম আহমেদ ও অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা। নাজমা বেগমের কিছু টাকা সিয়ামের কাছে পাওনা ছিল। এ পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, নাজমা বেগম প্রায়ই সিয়ামকে রাস্তাঘাটে অপমান ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতেন। বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন সিয়ামের বাবা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে নাজমা বেগম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল সকালে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা রোডের ঠাকুর বাড়ির কাছে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে সিয়ামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুন- জেলা শিল্পকলা একাডেমি সম্মাননায় নাট্যকলায় মনোনীত বাবুল মল্লিক






