
মো. মামুন চৌধুরী॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেছেন, শায়েস্তাগঞ্জ একটি আলোকিত উপজেলা। ছোট উপজেলা হলেও জেলার অর্থনীতি ও উন্নয়নে এর গুরুত্ব অনেক।
এখানে দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, সৃষ্টি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান। এছাড়া আপনাদের সৌভাগ্য যে, একজন কর্মবীর মানুষকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। তিনি শায়েস্তাগঞ্জের উন্নয়নে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
সোমবার (২৯ জুন) বিকেল ৩ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে ভূমি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। ভবনের নকশাও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই নির্মাণকাজ শুরু হবে। এছাড়া পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পৌর প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, মাদক, চুরি ও ছিনতাই দমনে পুলিশকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- শায়েস্তাগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রহিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা কণিক চন্দ্র শর্মা, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হারুন সাঁই, প্রধান শিক্ষক আবিদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভা শেষে জেলা প্রশাসক নূরপুর ইউনিয়নের জানিখাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন। পরে তিনি বাল্যবিয়ে, নারী নির্যাতন ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি উঠান বৈঠকে অংশ নেন। একই সঙ্গে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
আরও পড়ুন- DGFP Job Circular 2026 – পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – ২০২৬






