
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারে জনসাধারণের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে দখল করা ফুটপাত ও রাস্তা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসায়ীদের কাছ থেকে ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাউদনগর বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। বাজার এলাকায় প্রায়ই যানজট লেগে থাকত এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হতো। বিষয়টি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের একাধিকবার সতর্ক করা হয় এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু অনেক ব্যবসায়ী সেই নির্দেশনা উপেক্ষা করে আগের মতোই ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা চালিয়ে যেতে থাকেন। ফলে জনস্বার্থে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী। অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সড়ক পরিবহন আইন এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত দোকানের সামগ্রী সরিয়ে নেওয়া হয় এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অত্যন্ত প্রয়োজনীয়। প্রশাসনের ধারাবাহিক তদারকি থাকলে বাজারে পুনরায় অবৈধ দখল সৃষ্টি হবে না বলেও তারা আশা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দর, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও যানজটমুক্ত শায়েস্তাগঞ্জ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থবিরোধী কর্মকান্ড এবং অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন- ভেলপুরি নাম হলেও তৈরীতে বেল দিতে হয় না






