
নিজস্ব প্রতিনিধি॥ সিলেটে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিভাগীয় বিজ্ঞান মেলা-২০২৬ এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে হবিগঞ্জের উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব। মেলায় ক্লাবটির দুটি শাখা যথাক্রমে ১ম ও ২য় স্থান অর্জন করে জেলার জন্য সম্মান বয়ে আনে।
রবিবার (১৭ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞান মেলা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলার প্রতিনিধি।
মেলায় বিশেষ গ্রুপ-এ অংশ নিয়ে ভিশন-ঢ ও মিশন-ঢ নামে দুটি প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করে বিচারকদের প্রশংসা কুড়ায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব। প্রকল্প দুটির কারিগরি দক্ষতা ও উপস্থাপনা দর্শনার্থীদেরও মুগ্ধ করে।
এছাড়াও জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে চুনারুঘাট দক্ষিণ চরণ পাইলট উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে বাহুবল আলিফ সোবহান সরকারি কলেজ। এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলা কমিটি ও হবিগঞ্জ জেলা প্রশাসক।
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, এটি পুরো হবিগঞ্জ জেলার অর্জন। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।






