
নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের প্লাটফর্মে মানবেতর জীবনযাপন করা অসহায় বানেছা বেগমের পাশে দাঁড়িয়েছেন ফ্রান্স প্রবাসী ক্রীড়া সংগঠক ও সমাজসেবক প্রবাসী বদরুল তালুকদার। তার জীবনসংগ্রামের গল্প জানতে পেরে তিনি নতুন কাপড় ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
বানেছা বেগম মৃত মটাই মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের প্লাটফর্ম এলাকাতেই বসবাস করছেন। জীবিকার তাগিদে প্রতিদিন জংশন এলাকায় ভিক্ষা করে কোনো রকমে দিন পার করছেন তিনি। বয়সের ভার, দারিদ্র্য ও অসহায়ত্ব তাকে করে তুলেছে নিঃস্ব ও নির্ভরহীন।
সম্প্রতি তার করুণ জীবনসংগ্রামের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন প্রবাসী সমাজসেবক বদরুল আলম তালুকদার। পরে তিনি বানেছা বেগমের জন্য নতুন কাপড় ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে বানেছা বেগম বলেন, “আমি খুব কষ্টে জীবন চালাই। রেলওয়ে জংশনেই থাকি, এখানেই ভিক্ষা করি। বদরুল আলম তালুকদারের প্রতি কৃতজ্ঞ। তিনি আমার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন।”
স্থানীয়রা জানান, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করে। তারা বদরুল আলম তালুকদারের এ মানবিক সহায়তার প্রশংসা করেন।
সমাজসেবক বদরুল আলম তালুকদার বলেন, “সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতটুকু সম্ভব মানবিক সহায়তা নিয়ে আমি সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।” এ ঘটনায় স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অনেকেই এমন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।
আরো পড়ুন-






