হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নোয়াগাঁও গ্রামের শিমুল আহমেদ ও রাজনগর গ্রামের মারুফ আহমেদ আনোয়ারপুর এলাকায় গেলে তাদের মাদক বিক্রির অভিযোগে আটক করেন আনোয়ারপুর গ্রামের মজিবুর রহমান। এ সময় তাদের মারধর করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমুল ও মারুফকে উদ্ধার করে।
এ ঘটনার পর থেকেই আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে শনিবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ফজল মিয়া (২৫), আলমগীর (৩৬), মো. সত্তর মিয়া (৬২), জয়নুদ্দিন (৩৮), জিকির মিয়া (৪১), মফিল মিয়া (৫০), সজল হক (৪৮), শিপন (১৯) ও সজল মিয়া (৩৫)সহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন গুরুতর আহত সজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন- হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন