নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মোঃ ওমর মিয়া নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওমর মিয়া উপজেলার পশ্চিম বড়চর শেখেরহাটি গ্রামের ক্রোয়েশিয়া প্রবাসী মোঃ শাহজান মিয়ার ছেলে। সে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রকিব।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের কোনো এক সময় শিশু ওমর মিয়া বাড়ির পাশে খেলতে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির সন্ধান পাওয়া যায়। দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে পরিবারের লোকজন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত ওমরের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
স্থানীয়রা জানান, ছোট্ট ওমর ছিল সবার প্রিয়। তার এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। একটি মুহূর্তের অসতর্কতায় একটি পরিবারের স্বপ্ন ও আনন্দ নিভে গেল।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি শিশুদের পুকুর, ডোবা ও জলাশয়ের আশপাশে একা যেতে না দেওয়ার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন- রেলওয়ে পুলিশের তৎপরতায় হারানো আহম্মদ ফিরল স্বজনের কোলে
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন