নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে মামা নিহত-ভাগনে আহত হয়েছেন। নিহত মামা রিংকু দেবনাথ ও আহত ভাগনে স্বপন দেবনাথ। রোববার (৭ জুন) বিকেল ৫টায় চুনারুঘাট পৌর এলাকার হাতুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকু দেবনাথের বাড়ি বাহুবল উপজেলা মিরপুর এলাকায়। সকালে চুনারুঘাটের হাতুন্ডা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে ভাগনে স্বপন দেবনাথকে সঙ্গে নিয়ে ঘরের ছাদের উপর পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ছাদ থেকে মামা ও ভাগনে নীচে পড়ে যান।
এতে ঘটনাস্থলে মামা রিংকু দেবনাথ মারা যান। এছাড়া স্বপন দেবনাথকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন স্থানীয়রা। এদিকে বজ্রপাতের সময় পাশে থাকা গ্যাস লাইনে আগুন ধরে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন