নিজস্ব প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলা সদরের আঙ্গারপাড়ার মোঃ জালাল খলিফার ছেলে মোঃ রুহুল আমিন (৩৪) ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুলগাঁও চরপাড়ার মোঃ মাহফুজুল রহমানের ছেলে মোঃ মাজেদুর রহমান (৪১)।
র্যাব জানায়, এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আউশকান্দি বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেলার মাধবপুর হতে কতিপয় ব্যক্তি কাভারভ্যানযোগে মাদকদ্রব্য নিয়ে সিলেটের দিকে যাচ্ছে।
এ সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় কাভারভ্যানকে সংকেত দিয়ে থামালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি গাড়ি রেখে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়,তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক কাভারভ্যানের ভেতর থেকে ৫৮ কেজি গাঁজা এবং কাভারভ্যানসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আলামতসহ তাদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন- অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযানে ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন