মো. মামুন চৌধুরী॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে মোবাইল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেট রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার জান্নাত আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) রাশেদ পারভেজ ছায়িমের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন কনস্টেবল হাবিবুর রহমান, নাইমুর রহমান, ফারুক হোসেন ও মনোরঞ্জন। এ সময় জংশন এলাকায় ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, মোবাইল চুরিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ এবং অপরাধীদের গতিবিধি নজরদারিতে গুরুত্ব দেওয়া হয়।
পুলিশের এ বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ ট্রেনযাত্রী ও স্থানীয়রা। দীর্ঘদিন ধরে রেলওয়ে জংশনে মোবাইল চুরিসহ বিভিন্ন অপরাধের আশঙ্কায় থাকা যাত্রীদের মধ্যে অভিযানকে কেন্দ্র করে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে রাতে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে বলে জানান সংশ্লিষ্টরা।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) রাশেদ পারভেজ ছায়িম বলেন, “শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন একটি ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন। এখানে দিন-রাত ট্রেনযাত্রীদের পদচারণা রয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সিলেট রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার জান্নাত আফরোজের দক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
রেলওয়ে পুলিশ জানিয়েছে, শায়েস্তাগঞ্জ জংশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন- জমির আগাছা পরিষ্কারকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন