নিজস্ব প্রতিনিধি॥ জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা সমাধানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানে ২০ লাখ টাকার বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে গৃহীত এ প্রকল্পের মাধ্যমে উপজেলার কয়েক হাজার শ্রমিক পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চা শ্রমিকদের যাতায়াত ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় দেউন্দি চা বাগানে বসুন্ধরা ব্রিজের গাইড ওয়াল নির্মাণে ২ লাখ টাকা এবং ব্রজানন্দ মন্দির লাইনের রাস্তার দুটি কালভার্ট নির্মাণে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চান্দপুর চা বাগানে চান্দপুর বাসস্ট্যান্ড থেকে চান্দপুর বাজার পর্যন্ত দুই পাশে পাকা ড্রেন নির্মাণে ৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া রামগঙ্গা চা বাগানের দুর্গা মন্দিরের পেছনে পাকা ড্রেন নির্মাণে ৪ লাখ টাকা, চাকলাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণে ২ লাখ টাকা, লালচান্দ চা বাগানের উচ্চ বিদ্যালয়ের সড়কে ইট সলিংয়ের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
একইভাবে নাসিনাবাদ চা বাগানের অফিস সড়ক থেকে প্রধান সড়ক পর্যন্ত ইট সলিংয়ের জন্য ২ লাখ টাকা এবং লস্করপুর দুর্গা মন্দির চৌমুহনা থেকে অনিল কালিন্দীর বাড়ি পর্যন্ত রাস্তার ইট সলিংয়ের জন্য ২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, চা শ্রমিকরা এ অঞ্চলের গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। তাদের দীর্ঘদিনের সমস্যা ও প্রয়োজনগুলো বিবেচনায় নিয়ে ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শুধু অবকাঠামো নয়, শ্রমিক পরিবারের জীবনমান উন্নয়নেও প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন