মো. মামুন চৌধুরী॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় টানা অতি বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। রোববার পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের সুবিধার্থে ড্রেন পরিষ্কার ও আবর্জনা অপসারণের কাজ চলমান দেখা যায়।
পৌরসভা সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় পানি জমে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে রাস্তায় পানি উঠে পড়ে। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে ড্রেন পরিষ্কার কার্যক্রম হাতে নেয় পৌরসভা।
রোববার পরিচালিত এ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন, প্রধান সহকারী মোঃ আতাউর রহমান, কার্যসহকারী নুরুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তারা ড্রেন থেকে ময়লা-আবর্জনা অপসারণ ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন নির্দেশনা দেন।
এ সময় সংশ্লিষ্টরা জানান, নাগরিক দুর্ভোগ কমাতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পৌরবাসীকেও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো হয়েছে, যাতে পানি চলাচল স্বাভাবিক থাকে এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়।
আরো পড়ুন-
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন