নিজস্ব প্রতিনিধি॥ সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- বিজ্ঞান মেলা- ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জনকারী হবিগঞ্জের বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মে) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী কৃতি তরুণদের এই সংবর্ধনা ও দিকনির্দেশনা প্রদান করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বিজয়ী তরুণদের মেধার ভূয়সী প্রশংসা করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই অনন্য অর্জন পুরো হবিগঞ্জ জেলাকে গৌরবান্বিত করেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই তরুণরাই আমাদের মূল চালিকাশক্তি।
তিনি তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোশাহিদ মজুমদারের চমৎকার নেতৃত্বের প্রশংসা করেন এবং আগামী দিনে জাতীয় পর্যায়ে সাফল্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও প্রেরণা বজায় রাখার আশ্বাস দেন।
সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার তার বক্তব্যে বলেন, প্রান্তিক পর্যায় থেকে তরুণদের এমন বৈজ্ঞানিক উদ্ভাবন সত্যিই আশাব্যঞ্জক। জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শিক্ষা বিভাগ সর্বদা এসব তরুণদের পাশে থাকবে।
সংবর্ধনা সভায় নিজের অনুভূতি ব্যক্ত করে তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সভাপতি মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, বিভাগীয় পর্যায়ের এই ক্রেস্ট ও ঐতিহাসিক বিজয় আমরা পুরো হবিগঞ্জবাসীর চরণে উৎসর্গ করেছি। আজ জেলা প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসনের এই পরম স্নেহ, ভালোবাসা ও অনুপ্রেরণা আমাদের আগামী দিনে জাতীয় পর্যায়ে দেশের সেরা হওয়ার জন্য দ্বিগুণ শক্তি জোগাবে।
অনুষ্ঠানে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সদর ও বাহুবল উপজেলা শাখার কৃতি সদস্য, গবেষক, শিক্ষক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক বিজয়ী বিজ্ঞান ক্লাবের সদস্যদের সাথে মেলার অভিজ্ঞতা বিনিময় করে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, এবারের বিভাগীয় বিজ্ঞান মেলায় বিশেষ গ্রুপ-এ নিজেদের তৈরি যুগান্তকারী প্রকল্প ভিশন-এক্স এবং মিশন-এক্স প্রদর্শন করে একযোগে ১ম ও ২য় স্থান অর্জন করে হবিগঞ্জের শীর্ষস্থানীয় সংগঠন উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন