মো. মামুন চৌধুরী॥ সাফল্যের স্বীকৃতি যেমন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, তেমনি ভবিষ্যতের পথচলায় আরও ভালো করার সাহস জোগায়। সেই লক্ষ্যেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া ৯৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বই তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জের ইসলামী একাডেমি এন্ড হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. খুর্শেদ আলীর সভাপতিত্বে এবং মো. আব্দুর রকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রাস্টের সহ-সভাপতি মাওলানা আব্দুস শহীদ, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. শামছুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, জামায়াতে ইসলামী শায়েস্তাগঞ্জ উপজেলা সেক্রেটারী মো. ইয়াসির খাঁন, প্রাণ-আরএফএল স্কুলের অধ্যক্ষ মোফাক্ষার উদ্দিন, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল হক, ট্রাস্টের সদস্য কবির আহমেদসহ অন্যরা।
এছাড়া অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে মেহজাবিন, রিফাত আহমেদ ও নাহিল চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন শেখ আহমেদ তানহা।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯৫ জন শিক্ষার্থীকে একসঙ্গে সংবর্ধনা দেওয়ার উদ্যোগটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। ক্রেস্ট ও বই হাতে পাওয়ার মুহূর্তে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ ও গর্বের ছাপ। তারা এই সম্মাননাকে নিজেদের ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার ফলাফলের পর এমন একটি আয়োজন তাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। কৃতিত্বের স্বীকৃতি পাওয়ায় তারা নিজেদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এমন উদ্যোগ গ্রহণ করায় শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। তবে একটি ভালো ফলাফলই শিক্ষাজীবনের শেষ লক্ষ্য হতে পারে না। সুশিক্ষা গ্রহণের মাধ্যমে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য এখন থেকেই মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে।
তারা বলেন, লেখাপড়ায় কোনো ধরনের অবহেলা করা যাবে না। এসএসসিতে ভালো ফলাফল অর্জনের পর আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। বরং উচ্চশিক্ষার প্রতিটি ধাপে আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। জ্ঞান ও মানবিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে পারলেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের এ আয়োজনকে স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন শিক্ষক ও অভিভাবকরা। তাদের মতে, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার মাধ্যমে যেমন তাদের অর্জনের স্বীকৃতি দেওয়া হয়, তেমনি অন্য শিক্ষার্থীদের মধ্যেও ভালো করার প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ট্রাস্টের নেতৃবৃন্দ ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
৯৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়ার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে ওঠে শায়েস্তাগঞ্জের শিক্ষাঙ্গনের জন্য একটি স্মরণীয় আয়োজন। শিক্ষার্থীদের এই অর্জন যেমন পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে, তেমনি তাদের সাফল্যের স্বীকৃতি নতুন প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে-এমন প্রত্যাশাই ছিল অনুষ্ঠানে উপস্থিত সবার।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন