শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শুরু হয়েছে প্রাইজ মানি ডে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার চরনুর আহমদ নূরানী জামে মসজিদ সংলগ্ন মাঠে স্টার ভয়েজ শায়েস্তাগঞ্জের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। পাঁচগ্রাম ঐক্য পরিষদের মুরুব্বিবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। বিকেল থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকরা মাঠে জড়ো হতে থাকেন। একপর্যায়ে শত শত মানুষের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, পাঁচগ্রাম ঐক্য পরিষদের মুরুব্বিবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। এতে মুখোমুখি হয় সুরাবই ও বালাগঞ্জ দল। ম্যাচটি পরিচালনা করেন কামাল আহমেদ। প্রাইজ মানি টুর্নামেন্ট হওয়ায় উদ্বোধনী ম্যাচ থেকেই খেলোয়াড়দের মধ্যে ছিল বাড়তি উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতার আবহ। মাঠের খেলায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
অনুষ্ঠানের শেষপর্বে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আয়োজকদের পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী সমাজসেবক ও ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদারকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। খেলাধুলার প্রসারে তার সহযোগিতা ও উৎসাহের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বদরুল আলম তালুকদার বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সবাইকে সঙ্গে নিয়ে প্রাইজ মানি ডে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত বলেও জানান।
তিনি বলেন, “এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে আমাকে সম্মানিত করায় আমি কৃতজ্ঞ। আমি আপনাদের পাশে আছি। শুধু একটি মাঠে নয়, শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা প্রয়োজন। এতে এলাকার তৃণমূল পর্যায়ের মানুষ আনন্দিত হওয়ার পাশাপাশি তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে।”
স্থানীয়রা জানান, বর্তমানে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক ব্যস্ততার কারণে মাঠের খেলাধুলায় তরুণদের অংশগ্রহণ আগের তুলনায় অনেকটাই কমেছে। এমন সময়ে স্থানীয়ভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন তরুণদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিভিন্ন এলাকার খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনও আরও দৃঢ় হবে।

আয়োজকরা জানান, স্টার ভয়েজ শায়েস্তাগঞ্জের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচ ঘিরেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। টুর্নামেন্টের মাধ্যমে শায়েস্তাগঞ্জে ফুটবলের হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করাই আয়োজকদের অন্যতম লক্ষ্য।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নিয়মিত হলে শায়েস্তাগঞ্জের মাঠগুলো আবারও তরুণদের পদচারণায় মুখর হয়ে উঠবে এবং এখান থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিভাবান ফুটবলার উঠে আসার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন- উশুতে হবিগঞ্জের সেল্ফ ডিফেন্স একাডেমির সাফল্যের ঝলক
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন