ডেস্ক রিপোর্ট ॥ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের উপকূলে হারিকেনের আশঙ্কায় উৎপাদন ব্যাহত হওয়ার উদ্বেগের জেরে তেলের দাম আরো বেড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মানদন্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৩ ডলারে পৌঁছায়; এর ফলে বিশ্বজুড়ে বন্ড ও শেয়ার বাজারে ব্যাপক বিক্রির হিড়িক পড়ে যায়।
বাজারের এই অস্থিরতা দেখা দেয় ‘দ্য আটলান্টিক’-এর একটি প্রতিবেদনের পর। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা বিকল্প ব্যবস্থা তৈরির জন্য হোয়াইট হাউস পেন্টাগনকে নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, সম্ভাব্য হামলার ধরন ও লক্ষ্যবস্তু কী হবে এবং আদৌ হামলা চালানো হবে কি না-তা নিয়ে এখনো আলোচনা চলছে।
এই প্রতিবেদনটি সেই আশাকে ক্ষীণ করে দিয়েছে যে, ট্রাম্প হয়তো আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকবেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের আগে একটি ‘সীমিত আকারের অভিযান’ চালানো হতে পারে এবং নির্বাচনের পর আরো বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে।
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের ক্ষেত্রে আরো ঝুঁকি তৈরি করছে। কারণ তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত এখন অষ্টম মাসে গড়িয়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা যুদ্ধের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার ফলে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
মেক্সিকো উপসাগরে তেল উৎপাদন হ্রাসের কারণেও তেলের দাম বেড়েছ্ েকারণ গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘ইসাইয়াস’ শক্তিশালী হয়ে আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেনে পরিণত হয়েছে।
শেল ও শেভরন জানিয়েছে, ঝড়টি ওই অঞ্চলের দিকে এগিয়ে আসায় তারা উৎপাদন বন্ধ রাখছে। পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি শুক্রবার বা শনিবার উপকূলে আঘাত হানতে পারে।
সূত্র রাইজিংবিডিডটকম
আরও পড়ুন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাপানিজ ভাষা শিক্ষা চালুর সিদ্ধান্ত
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন