ক্রীড়া ডেস্ক॥ লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে প্রিয় তারকাকে শেষবারের মতো মাঠে দেখতে মুখিয়ে পুরো বিশ্ব। তবে সেই বিদায়ী মুহূর্তের সাক্ষী হতে পারছেন না মেসির সাবেক সতীর্থ পাওলো দিবালা ও নাহুয়েল মোলিনা। তাদের আর্জেন্টিনা সফরের অনুমতি দেয়নি ক্লাব রোমা।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে রিভারপ্লেটের ঐতিহাসিক মনুমেন্ডাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটিকে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতা আর্জেন্টাইন মহাতারকার শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে বিশেষ আবহ।
মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার আগ্রহ ছিল আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যেও। সেই তালিকায় ছিলেন দিবালা ও মোলিনা। কিন্তু রোমার পক্ষ থেকে তাদের ছুটি দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম।
ইতালিয়ান সংবাদমাধ্যমের তথ্য মতে, রোমার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি খেলোয়াড়দের দীর্ঘ ভ্রমণ এড়াতে চান। কারণ, ৬ অক্টোবর আর্জেন্টিনার ম্যাচের মাত্র পাঁচ দিন পর, ১১ অক্টোবর সিরি আ-তে কোমোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রোমা।
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে দিবালার না থাকার আরেকটি কারণ রয়েছে। এবারের আর্জেন্টিনা দলে ডাকই পাননি তিনি। অন্যদিকে মোলিনা দলে থাকলেও ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর পাওয়া সাত ম্যাচের নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না। ফলে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে তার সাবেক সতীর্থদের উপস্থিতির তালিকা থেকে বাদ পড়ছেন রোমার এই দুই আর্জেন্টাইন। সূত্র- রাইজিংবিডি ডটকম
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন