শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে কদমতলী বিজনেস ওনার্স ক্লাবের উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শহরসহ দেশ-বিদেশে অবস্থানরত কদমতলী গ্রামের ব্যবসায়ীদের নিয়ে গঠিত এ সংগঠনের এবারের আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার।
১০ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থেকে ক্লাবের ৬০ জন কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন। তিন দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে ১৩ সেপ্টেম্বর রোববার তারা শায়েস্তাগঞ্জ শহরে ফিরে আসেন। ভ্রমণকালে অংশগ্রহণকারীরা কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ পান।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ শহর তথা দেশ ও প্রবাসে অবস্থানরত কদমতলী গ্রামের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ীদের উদ্যোগে ২০২৪ সালে কদমতলী বিজনেস ওনার্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। ‘একতায় শক্তি, সহযোগিতায় উন্নতি, ব্যবসায় আনে সমৃদ্ধি’-এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
ক্লাবের আহ্বায়ক আজিজুর রহমান ফয়সাল, সদস্য সচিব মো. জাহেদুল ইসলাম জাহেদ এবং যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, উজ্জ্বল আহমেদ ও এম এ মুবিন শুভর নেতৃত্বে এবারের আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম সানু, হাজী লাল মিয়া ভান্ডারী, সফিক ভান্ডারী, সোহেল মিয়া, লুৎফুর রহমান তাহের, মিজানুর রহমান সুমন, সোহেল আহমেদ ভান্ডারী, হাবিবুর রহমান হারুন, আলমগীর মিয়া, আব্দাল মিয়া, অলিউর রহমান আছাদ, হাফেজ বাবুল আহমেদ, সুজন মিয়া, বিলাল মিয়া, আহাম্মদ আলী, রুবেল মিয়া, আবুল হাসান, ইয়াসিন, রাকিবসহ কদমতলী গ্রামের বিভিন্ন ব্যবসায়ী।
ক্লাবের নেতৃবৃন্দ জানান, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং কর্মব্যস্ত জীবনে কিছুটা বিনোদনের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন