নিজস্ব প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে খোয়াই থিয়েটারের উদ্যোগে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ খোয়াই স্টুডিও থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল। থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শিশু বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী, কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, শায়েস্তাগঞ্জ থিয়েটারের দলপ্রধান বাবুল মল্লিক এবং খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন।
আলোচনা সভায় নাট্যকর্মী মুক্তাদির হোসেন, মো. জুবায়েদ হোসেন, শেখ ওসমান গণি রুমীসহ অন্যান্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে নাট্যকর্মী মীর ইয়াছিন মাহমুদ সঙ্গীত পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন সহশ্রীতা দাশগুপ্ত সন্ধি ও মো. তাইজুল ইসলাম। নাট্যাচার্য সেলিম আল দীনের জীবনী পাঠ করেন মো. আরিফ।
এছাড়া নাট্যাচার্য সেলিম আল দীনের রচিত গান এবং সুকান্ত গোপের নির্দেশনায় ‘গ্রন্থিকগণ কহে’ নাটকের অংশবিশেষ পরিবেশন করা হয়। এতে অভিনয় করেন মীর ইয়াছিন মাহমুদ, চৌধুরী তাকদীর বীন আজাদ (রেদোয়ান), মো. হাসান মাহমুদ, মো. আরিফ, সহশ্রীতা দাশগুপ্ত সন্ধি, সুমী দাশ গুপ্ত, মো. শুভ ও মো. তাইজুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, সেলিম আল দীন বাংলা নাট্যচর্চায় এক অনন্য উচ্চতা সৃষ্টি করেছেন। দেশীয় নাট্যাঙ্গিক ও লোকজ সংস্কৃতির উপাদানকে সৃজনশীলভাবে কাজে লাগিয়ে তিনি বাংলা নাটককে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তার নাট্যভাবনা ও দর্শন আজও নতুন প্রজন্মের নাট্যকর্মী ও শিল্পীদের অনুপ্রেরণা জোগাচ্ছে।
বক্তারা আরও বলেন, সেলিম আল দীনের উদ্ভাবিত ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’ অনুসরণ করে অনেক শিল্পী ও নাট্যকর্মী নতুন ধারায় শিল্পসৃষ্টিতে ব্রতী হয়েছেন। তিনি লোকজ আঙ্গিকের নাট্যচর্চাকে বাংলার মূলধারার নাট্যাঙ্গিকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তার সৃষ্টিকর্ম, নাট্যদর্শন ও বাংলা নাটকের প্রতি গভীর দায়বদ্ধতা তাকে বাংলা নাট্যজগতের অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত করেছে। জন্মবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জের নাট্যকর্মীরা এই নাট্যব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার সৃষ্টিশীল আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন