নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়েছে। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া জটিলতা স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছের উদ্যোগে আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় এখন বন্ধ থাকা নির্মাণকাজ দ্রুত শুরু হওয়ার পথ সুগম হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কল্যাণপুর এলাকায় নির্মাণাধীন মহাসড়ক পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় হুইপ জি কে গউছ বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, মহাসড়ক নির্মাণের কারণে যেসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, সেগুলোর যথাযথ পুনর্বাসন এবং প্রচলিত আইন অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। জাতীয় ও আঞ্চলিক উন্নয়নের স্বার্থে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের আওতায় কল্যাণপুর এলাকায় একটি মন্দির, দুটি মসজিদ, একটি কবরস্থান, একটি শ্মশান এবং একটি মাদ্রাসার জায়গা অধিগ্রহণ করা হয়। তবে নকশা পরিবর্তনের দাবিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আপত্তির কারণে ওই অংশের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর একাধিকবার সমস্যার সমাধানের উদ্যোগ নিলেও তা সফল হয়নি। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে হুইপ জি কে গউছ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও আলোচনা করেন। শেষ পর্যন্ত পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধের অবসান হওয়ায় নির্মাণকাজে আর কোনো বাধা থাকছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের এই জটিলতা দূর হওয়ায় এখন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হবে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল হবে এবং এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায়, ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ গিয়াস উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার, মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি মোতাহের হোসেন, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বেদমায়া নন্দজি, ইসকনের অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারী, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট স্বরাজ বিশ্বাস, অ্যাডভোকেট অহিন্দ্র দত্ত, শংকর পাল, সুখলাল সূত্রধর, অ্যাডভোকেট মিঠু গোপসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন