মো. মামুন চৌধুরী॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাসের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় হাসপাতাল চত্বরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে হাসপাতালের পরিবেশকে আরও সবুজ ও মনোরম করে তোলা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোগী ও স্বজনদের জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা, আঙিনা, ড্রেন ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের খালি জায়গাগুলোতে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হচ্ছে, যা ভবিষ্যতে হাসপাতালের পরিবেশ আরও আকর্ষণীয় করে তুলবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, আগের তুলনায় হাসপাতালের পরিবেশ অনেক বেশি পরিচ্ছন্ন ও সুন্দর হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে স্বস্তি বোধ করছেন তারা। হাসপাতালকে সবুজায়নের উদ্যোগও তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাস বলেন, হাসপাতালে আগত রোগীদের উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এ লক্ষ্যেই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বৃক্ষরোপণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে হাসপাতালের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও সেবাগ্রহীতারা। তারা এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি হাসপাতালের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন- হবিগঞ্জে সীমান্ত থেকে ৬০ লাখ টাকার গর্জন কাঠ ও কাভার্ড ভ্যান জব্দ
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন