নিজস্ব প্রতিনিধি ॥ এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের ৭ জন সদস্য গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের মোঃ আবুল হাশেমের ছেলে মোঃ খাইরুল হাসান পলাশ (৩৫), দাউদনগর বাজারের মৃত গোপাল রবিদাসের ছেলে রনি রবিদাস (২৩), নিজগাঁও গ্রামের মোঃ আব্দুল শহিদের ছেলে মোঃ শাহ আলম (২৮), চরনুর আহম্মদ গ্রামের মৃত শেখর মিয়ার ছেলে মোঃ তৌহিদ মিয়া (২৬), লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মৃত সুধাংশ মল্লিকের ছেলে সুভাস চন্দ্র মল্লিক (২৬), নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের দানিসুল্লাহর ছেলে কামরুল ইসলাম (৪১) ও পিরিজপুর গ্রামের মোঃ মুজিবুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (২৩)।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসআরবি-৯ সূত্র জানায়, দুপুরে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম রেজভীয়া জামে মসজিদের সামনে ট্রাক স্ট্যাান্ডের ফাঁকা জায়গায় কয়েকজন মিলে অনলাইনে জুয়া খেলছে।
এ সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে ৭ জন কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দলের সদস্যরা তাদেরকে আটক করেন। তাৎক্ষণিক অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৭টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন- BBAL Job Circular 2026 | বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৪ জন নিয়োগ
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন