মো. মামুন চৌধুরী॥ গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সিন্দুরখান, চিমটিবিল, তেলিয়াপাড়া বিওপির টহলদল পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৩৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩০ লিটার বাংলামদ এবং ৭৬ কেজি বাংলাদেশী রাবার জব্দ হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও রাবারের আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার টাকা।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, ৫৫ বিজিবির সিন্দুরখান বিওপির টহলদল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিন্দুরখান এলাকার সীমান্তবর্তী হুগলিয়া এলাকায় টহল পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক একটি বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭৬ কেজি বাংলাদেশী রাবার জব্দ করা হয়।

অপরদিকে, ৫৫ বিজিবির অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির টহলদল তেলিয়াপাড়া লেকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের লুকিয়ে রাখা মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়।
একই দিনে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় চিমটিবিল আমু চা-বাগানের মধ্য হতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৩০ লিটার ভারতীয় বাংলামদ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও রাবার বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। এ ক্ষেত্রে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন