মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চিমটিবিল বিওপির টহল দল সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ ১টি বাজাজ পালসার মোটরসাইকেল জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ৩ লাখ ২ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র মারফত জানা যায়, এর আগে রাত প্রায় ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির টহলদল সীমান্ত হতে আনুমানিক ২কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বাঁশপাড়া নামক স্থানে টহল পরিচালনা করে।
এ সময় ভারত হতে মাদক পাচারকারী মোটরসাইকেলে বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশী করে একটি বস্তার মধ্যে মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
এছাড়াও বিকেলে হবিগঞ্জ ৫৫ বিজিবির বাল্লা ও সিন্দুরখান বিওপির টহলদল পৃথক অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিমাইলত এবং বিলপাড়া নামক এলাকার টহল পরিচালনাকালে চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৪৫ কেজি ভারতীয় চিনি ও ১৬ কেজি বাংলাদেশী রসুন জব্দ করে।

জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।
উল্লেখ্য, জুলাই মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ৭ লাখ টাকা মূল্যের ১৩২ কেজি ভারতীয় গাঁজা, ২১৯ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ইস্কফ সিরাপ, ৬ লিটার বাংলামদ ও ৫ পিস ইয়াবাসহ ৭ জন আসামী আটক হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছেন।
আরও পড়ুন- ভাটির সুরে বর্ষার ছন্দে হাওরের বুকে শব্দকথা হাওর বিলাস
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন