নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের শ্রমিক আশালতা গোয়ালা (৬০)-এর ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দেউন্দি চা বাগানের বাসিন্দা অঞ্জলি চাষা লিনা, কৃষ্ণনা ঘোষ ও বিনতি কানু। বিষয়টি শনিবার রাত ১০টার দিকে নিশ্চিত করেন চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক।
পুলিশ জানায়, আহত আশালতা গোয়ালার এক আত্মীয় পাঁচজনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়। বাকি দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে দেউন্দি চা বাগান ফ্যাক্টরির সামনে মানববন্ধন করেন চা শ্রমিকরা। এতে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন বয়স্ক নারী শ্রমিকের ওপর এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হলে চা বাগানের শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, নারী সংগঠনের নেত্রী খাইরুন আক্তার, চা শ্রমিক প্রতিনিধি উজ্জ্বল দাশ, ইউপি সদস্য কার্তিক বাগতিসহ লস্করপুর ভ্যালির ছাত্র, যুবক ও নারী চা শ্রমিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বাগানের এক শ্রমিক নেতা জানান, ২১ জুলাই পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শিবু ও প্রশান্ত গোয়ালার পরিবারের কয়েকজন নারী আশালতা গোয়ালার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার বাকি দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন- ৩৮৫ পিস ইয়াবা ও ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন